নড়াইলের লোহাগড়ায় মাদক সেবনের টাকা না পেয়ে ৭০ বছর বয়সী বাবাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের দক্ষিণপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত আফসার শেখ ওই গ্রামের মৃত হোসেন শেখের ছেলে। অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (৩০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনকে কেন্দ্র করে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। এ কারণে কিছুদিন আগে তাকে বাড়ি থেকে বের করে দেন বাবা আফসার শেখ। এরপর থেকে লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন অভিযুক্ত খাইরুল।
টাকা শেষ হয়ে যাওয়ায় তিন দিন আগে গ্রামের বাড়িতে ফিরে আসেন খায়রুল। বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছে টাকা চাইতে যান তিনি। এ সময় পাশে থাকা বাবা আফসার শেখ টাকা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে বাবাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান খায়রুল। এতে ঘটনাস্থলেই মারা যান আফসার শেখ।
এ ঘটনায় নিহতের বড় ছেলে শামীম শেখ অভিযোগ করে বলেন, “গাঁজা-বড়ির টাকা দিতে না পারায় আমার বাবাকে মেরে ফেলেছে আমার ভাই।”
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহত আফসার শেখের স্ত্রী ও অভিযুক্ত ছেলে খাইরুলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
পিতাকে হত্যার এমন ঘটনায় বয়রা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



