নওগাঁর পোরশায় আমগাছের ডাল ভেঙে পড়ে রিফাত হোসেন (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্বগ্রামের একটি আমবাগানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন পূর্বগ্রামের বাসিন্দা সফিউল ইসলামের ছেলে। সে স্থানীয় পূর্বগ্রাম দারুল উলুম সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রিফাত কয়েকজন সমবয়সী বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি আমবাগানে খেলতে যায়। একপর্যায়ে তারা একটি বড় আমগাছের ডালে দোল খাচ্ছিল। এ সময় হঠাৎ গাছের একটি মোটা ডাল ভেঙে রিফাতের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
মাত্র ১৩ বছর বয়সে রিফাতের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।




