মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের ৭ দিন করে কারাদণ্ড

 মাগুরায় মাদকবিরোধী পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) মাগুরার শ্রীপুর উপজেলার কুছা ইছাপুর ও মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাগুরার উদ্যোগে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শ্রীপুর উপজেলার কুছা ইছাপুর গ্রামের মো. ফজলু মোল্যার ছেলে মো. শিমুল হাসান (২৪) এবং মাগুরা সদর উপজেলার মালিগ্রাম গ্রামের মৃত আইয়ুব বিশ্বাসের ছেলে মো. সোহেল রানা (২৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শিমুল হাসানের বিরুদ্ধে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন এবং সোহেল রানার বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলা করা হয়। অভিযানে অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন ও উপপরিদর্শক মোছা. হাফিজা খাতুন পৃথকভাবে প্রসিকিউশন দাখিল করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক মামলায় উভয় আসামিকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top