সৌদি আরবের ‘মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর’ নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
আজ বুধবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র দাবি করেছেন, মক্কা নগরীর দক্ষিণে হুতিদের ছোড়া একটি ড্রোন ‘পবিত্র নগরীর সংরক্ষিত আকাশ সীমায় ঢোকার আগেই’ধ্বংস করেছে সৌদি আরবের এয়ার ডিফেন্স।
বুধবার এক বিবৃতিতে মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ড্রোনটি বাধা দিয়ে ধ্বংস করা হয়। এটি মক্কাকে লক্ষ্যস্থল করার দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এ ধরনের আরেকটি প্রচেষ্টা চালানো হয়েছিল।
বিবৃতিতে মালকি বলেছেন, “ইসলামের পবিত্রতম স্থানগুলোর কয়েকটি মক্কায় অবস্থিত। বার্ষিক হজের কেন্দ্রস্থল এটি। এখানকার নিরাপত্তা একটি ‘রেড লাইন’।”
তবে হুতি কর্মকর্তাদের তরফে মক্কায় হামলার চেষ্টার কথা অস্বীকার করার কথা এক খবরে দিয়েছে রয়টার্স।এ ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “মক্কা আল মুকাররামাহ এবং অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ এবং এসব স্থান রক্ষায় সৌদি আরব এবং এর জনগণের সঙ্গে সংহতি জানাচ্ছে।”
সব পবিত্র স্থানের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি ‘পূর্ণ শ্রদ্ধা’ নিশ্চিত করা এবং সব সময় এগুলোর সুরক্ষা নিশ্চিতের প্রয়োজনীয়তার কথাও বিবৃতিতে বলেছে বাংলাদেশ সরকার।



