ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বাহাদুরপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স এমএফবি’ নামক ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ভাটাটির চিমনি ও অবকাঠামো ভেঙে ফেলা হয়।

​অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নেতৃত্ব দেন শাহ মোহাম্মাদ রায়হান এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান।

​অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করা হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

​পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top