চন্দ্রডিঙ্গা, পাতলাবন, চিংড়ি ও সাত শহীদের মাজার ঘুরে দেখলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান মোঃ সামিউজ্জামান
প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, বনাঞ্চল ও ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ নেত্রকোনার কলমাকান্দা উপজেলাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা দেখতে উপজেলার বিভিন্ন পর্যটন স্পট সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামিউজ্জামান।
সোমবার (১৬ নভেম্বর) তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত সম্ভাবনাময় পর্যটন এলাকাগুলো ঘুরে দেখেন। পরিদর্শন করা স্থানগুলোর মধ্যে রয়েছে রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা পাহাড় ও পাতলাবন, ধানখারনৈ ইউনিয়নের চিংড়ি ও বলমাট স্কুল এলাকা এবং লেংগুরা ইউনিয়নের ঐতিহাসিক সাত শহীদের মাজার এলাকা।
পরিদর্শনকালে এসব এলাকার প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি সৌন্দর্য, বনাঞ্চল ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি এসব স্থানকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সম্ভাব্য উন্নয়ন ও পর্যটন অবকাঠামো গড়ে তোলার বিভিন্ন দিক ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুনমুন আক্তার লিজা, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আব্দুল্লাহ আল মামুন, রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাবুল পাঠান, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান, কলমাকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি ও ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম আলমগীর।
এ ছাড়া কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সহসভাপতি এনামুল হক তালুকদার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক পাঠান, সাংবাদিক মোহাম্মদ নাজমুল হুদাসহ বিভিন্ন গণমাধ্যমের পেশাদার সাংবাদিক, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক সোলায়মান হক স্থানীয় নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
স্থানীয়ভাবে পর্যটনসংশ্লিষ্টদের মতে, কলমাকান্দার এসব স্থান পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে এটি হতে পারে নেত্রকোনার অন্যতম আকর্ষণীয় পর্যটন অঞ্চল। বিশেষ করে চন্দ্রডিঙ্গার পাহাড়ি সৌন্দর্য, পাতলাবনের প্রাকৃতিক পরিবেশ এবং লেংগুরার সাত শহীদের মাজারের ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা
তবে এসব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, উন্নত যোগাযোগব্যবস্থা, পর্যটকদের নিরাপত্তা, বিশ্রামাগার, আবাসন, স্যানিটেশন ও প্রয়োজনীয় পর্যটকসেবা নিশ্চিত করা। পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করেই পর্যটন উন্নয়নের উদ্যোগ নেওয়া জরুরি।
পর্যটন খাতের বিকাশ ঘটলে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারে। এতে কলমাকান্দার প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ জাতীয় পর্যায়ে পরিচিতি পাওয়ার সম্ভাবনাও বাড়বে।
এদিকে, পরিদর্শনকালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামিউজ্জামানের পক্ষ থেকে পর্যটন উন্নয়ন পরিদর্শনের পর এসব পর্যটন স্পটের উন্নয়নে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ রয়েছে।




