কিশোরগঞ্জের মাগুরা ইউনিয়নে সড়কের পিচ উঠে যাওয়ার অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের দর্জিপাড়া এলাকায় নির্মাণাধীন একটি সড়কের কার্পেটিংয়ের পিচ উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কটির কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কাজ শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে যাচ্ছে। কোথাও হাত দিয়ে টান দিলেই পিচ উঠে আসছে, আবার কোথাও খোয়া হাতের স্পর্শেই ঝরে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সুমন ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মজিদুল হক। সড়কটির প্রায় ১০০ মিটার কাজ এখনো বাকি রয়েছে। এরই মধ্যে নির্মিত অংশের বিভিন্ন স্থানে পিচ উঠে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, কাজের মান যথাযথভাবে নিশ্চিত করা না হলে সড়কটি দ্রুত চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির অবস্থা পরিদর্শনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট কর্মকর্তারা একাধিকবার ঘটনাস্থলে এসেছেন। তবে পরিদর্শনের পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।
এদিকে একই ইউনিয়নের মাগুরা কাঠালতলী এলাকায় সুমন ট্রেডার্সের বিরুদ্ধে আরেকটি সড়ক সংস্কারকাজে পুরোনো পিচ তুলে দীর্ঘদিন কাজ অসমাপ্ত রাখার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই ঠিকাদারি প্রতিষ্ঠানের একাধিক কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, দর্জিপাড়া ও কাঠালতলী এলাকার সড়ক দুটির কাজ সরেজমিনে তদন্ত করে প্রকৃত অবস্থা যাচাই করা হোক। কাজের মানে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত সড়কগুলো চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তাঁরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা: জাতীয় স্কেল, শতভাগ বোনাস ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবি ​

​নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষা এবং তাদের প্রতিবাদী কণ্ঠ

Scroll to Top