ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বলেছেন, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে কোনো ধরনের নিয়োগ-বাণিজ্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমপি রফিকুল ইসলাম জামাল এসব কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “রাজাপুর-কাঠালিয়ায় মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা গুলোতে কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্তদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক। কোন নিয়োগ-বাণিজ্য হবে না। (তথ্য দিয়ে সহযোগিতা করুন)”
এ ঘোষণার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মাদকমুক্ত প্রার্থী নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম বা আর্থিক লেনদেনের অভিযোগ প্রতিরোধের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে তার পোস্টে প্রতীয়মান হয়।
এদিকে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট ও নিয়োগ-বাণিজ্য বন্ধের বিষয়ে সংসদ সদস্যের এ বক্তব্য স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে। তবে কমিটির মাধ্যমে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়টি কীভাবে এবং কোন কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা তার ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়নি।
তবে অনেকে মন্তব্য করেছেন শুধু চাকরি প্রত্যাশীদের ডোভ টেস্ট করালেই হবে না কমিটির লোকজনকেও ডোভ টেস্ট করাতে হবে।




