রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে এলপিজি (LPG) সিলিন্ডার গ্যাসের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখার অপরাধে ৯ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন বাজারে ও দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। এ সময় এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৯ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে ইউএনও আমেনা মারজান ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।




