ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত এবং গত ১৭ বছরে রাজনৈতিক নিপীড়নসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাসিক ভাতা প্রদানের লক্ষ্যে পৃথক অধিদপ্তর খোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং গত ১৭ বছরে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যথাযথ স্বীকৃতি ও সহযোগিতা নিশ্চিত করতে সরকার কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকির জবাবে বলতে চাই, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ দেশের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। যারা ভারতে বসে অগ্নিসন্ত্রাস করছেন, তাদের এ দেশে আসতে হলে আইনি কাঠামোর মধ্য দিয়েই আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান এবং পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



