বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ আর কখনোই কারো দাসত্ব মানবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন, বাংলাদেশ আর আগের জায়গায় নেই। বাংলাদেশ এখন জাতিসংঘের এমন এক সদস্য দেশ, জাতিসংঘের সভাপতি এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের এক মন্ত্রী ১৬ ডিসেম্বর বাংলাদেশের একাংশ দখলের ঘোষণা দিয়েছে। আমরা মনে করি, তাদের এধরণের বক্তব্য উস্কানিমূলক। আমরা তাদের উস্কানিতে পা দেবো না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে জ্বালাও পোড়াও করে অস্থিরতা তৈরি করে কোনো লাভ হবে না। দেশের জনগণ নাশকতার ফাঁদে পা দেবে না।
এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি দেশের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top