রাজধানীর বনানী এলাকা থেকে আ.লীগ নেতা ও সাবেক সেনা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মেজর খন্দকার আবদুল হাফিজকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। হাফিজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের মৃত খন্দকার আবুল হাকাম মিয়ার ছেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন স্পর্শকাতর কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততা এবং ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায় বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও এর মূল হোতাদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মেজর (অব.) খন্দকার আবদুল হাফিজ টাঙ্গাইল জেলা আ.লীগের সদস্য ও উপজেলা আ.লীগের কমিটিতে সদস্য হিসেবে ছিলেন। এছাড়া তিনি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আটকের পর রাতেই তাকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে গোয়েন্দা কর্মকর্তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে। এই চাঞ্চল্যকর ঘটনায় নেপথ্যের আরও কোনো বড় চক্র বা জট লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা। তবে তাকে কোন মামলায় আটক/গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।




