বদলি হলেন নওগাঁর এসপি তারিকুল ইসলাম, নতুন দায়িত্বে ছুফি উল্লাহ

নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। একই সঙ্গে দেশের আরও ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগসহ এসপি পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নওগাঁর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাট এবং একই ইউনিটের উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার করা হয়েছে। গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনী এবং এসআরইউ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে একই ইউনিটে এবং খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে সিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top