দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, সহিংস কর্মকাণ্ড ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা ও নড়াইল কালিয়া পৌর কৃষক দলের সদস্য সচিব শাহীনকে হত্যা ও হত্যাকারীদের বিচারের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরা সদর উপজলার কৃষক দল।
বুধবার (২৫ নভেম্বর) সকালে মাগুরা সদর উপজেলা কৃষক দলের উদ্যোগে মাগুরা নোমানী ময়দান থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রায়হানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সেক্রেটারি জাহাঙ্গীর আলম হীরা, সদর উপজেলা বিএনপির সভাপতি কুতুবউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান হাসু, সদস্য সচিব আব্দুর রহিম।
সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব দাউদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক দল, বিএনপি ও সঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠণ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফরিদপুর ও নড়াইলে কৃষক দলের দুই নেতাকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকরী ভূমিকা প্রত্যাশা করেন।বক্তারা আরও বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো পক্ষের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না। অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে রেখে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।




