কিশোরগঞ্জের নিকলীতে জমি ও সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ বাবাকে মারধর, গালিগালাজ ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর ছেলে ও মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে, মেয়ে ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাবা মো. গিয়াস উদ্দিন (৭২)।
বুধবার (২৫ নভেম্বর) নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দেওয়া লিখিত অভিযোগে ছেলে মো. আল আমিন (৩৬), মেয়ে তারা বেগম (৩৩) এবং অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিনের তিন সন্তান। দীর্ঘদিন ধরে তাঁরা যৌথ পরিবারে বসবাস করছিলেন। প্রায় দুই মাস আগে পারিবারিক কলহের জেরে তাঁদের পরিবার আলাদা হয়ে যায়। এরপর সম্পত্তির বণ্টন ও ভোগদখল নিয়ে ছেলে-মেয়েদের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
লিখিত অভিযোগে গিয়াস উদ্দিন দাবি করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা তাঁকে বিভিন্নভাবে হয়রানি করছেন। তাঁর ছোট ছেলের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা এবং ব্যাংকের চেক ব্যবহার করে অর্থ আত্মসাতেরও অভিযোগ করেছেন তিনি। এ ছাড়া সম্পত্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ ও ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বুধবার সকালে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে মারধরের জন্য এগিয়ে আসেন তাঁরা। এতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন গিয়াস উদ্দিন।
গিয়াস উদ্দিনের অভিযোগ, সন্তানরা তাঁর জমি ও সম্পত্তি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি তিনি।
এ পরিস্থিতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ৭২ বছর বয়সী এই বাবা।
এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।




