গঙ্গাচড়ায় ধান কাটায় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য, পুরুষের চেয়ে ১০০-২০০ টাকা কম

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ধান কাটার মৌসুমে নারী শ্রমিকদের মজুরি বৈষম্যের চিত্র দেখা গেছে। পুরুষ শ্রমিকদের সঙ্গে সমানতালে মাঠে কাজ করেও মজুরি পাচ্ছেন কম। বর্তমানে পুরুষ শ্রমিকরা দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা পেলেও নারী শ্রমিকদের দেওয়া হচ্ছে মাত্র ৩৫০ থেকে ৪০০ টাকা। ফলে একই ধরনের কাজ করে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত কম মজুরি পাচ্ছেন নারী শ্রমিকরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার নোহালী ইউনিয়নের কালিয়ার মোড়ে ধান কাটার মাঠে কর্মরত নারী শ্রমিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। সেখানে পুরুষ শ্রমিকদের পাশাপাশি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন কয়েকজন নারী। তাঁদের মধ্যে আরতী রানী (৩৫), পলাশী রানী (৪০) ও রুপালী রানী (৩০) রয়েছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে পুরুষদের সঙ্গে সমানতালে ধান কাটা, আঁটি বাঁধাসহ বিভিন্ন কাজ করছেন তাঁরা। অথচ মজুরি দেওয়ার ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে রয়েছে বড় ধরনের পার্থক্য।

নারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সংসারের বাড়তি আয় ও জীবিকার তাগিদে তাঁরা দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত। ধান কাটার মৌসুমে মাঠে পুরুষ শ্রমিকদের মতোই পরিশ্রম করতে হয় তাঁদের। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করলেও মজুরি নির্ধারণের সময় তাঁদের নারী হিসেবে কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে।

শুধু নোহালী ইউনিয়নের কালিয়ার মোড়েই নয়, উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটার মৌসুমে নারী শ্রমিকদের এমন মজুরি বৈষম্যের চিত্র দেখা যাচ্ছে। একই সময় কাজ করে পুরুষ শ্রমিকরা যেখানে ৫০০ থেকে ৬০০ টাকা পাচ্ছেন, সেখানে নারীদের দেওয়া হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা। এতে নারী শ্রমিকদের দৈনিক আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যবধান তৈরি হচ্ছে।

কৃষিকাজে নারীদের অবদান গুরুত্বপূর্ণ হলেও মজুরি নির্ধারণে তাঁদের শ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই ধরনের কাজ ও সমপরিমাণ শ্রমের বিপরীতে নারী-পুরুষের মজুরিতে এমন পার্থক্য দূর করে সমান মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top