ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুবায়ের হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল সরওয়ার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি খোসবুর রহমান খোকন, আলফাডাঙ্গা উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি এসএম হাফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব বলেন, “আলফাডাঙ্গা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে অপরাধ, মাদক, চুরি, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।




