নওগাঁয় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা, পার্কিংয়ে শৃঙ্খলা ফেরাতে এআই নজরদারি

নওগাঁ শহরের ব্যস্ততম গোস্তহাটির মোড় এলাকায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপরতা জোরদার করেছে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে গোস্তহাটির মোড় এলাকায় ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। এ সময় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, সড়কে অবৈধ ও অনিয়ন্ত্রিত পার্কিং ঠেকানো এবং যানজটের সম্ভাব্য কারণগুলো নিয়ন্ত্রণে নজরদারি করতে দেখা যায় তাদের।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স প্রযুক্তির মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যান চলাচল ও পার্কিং ব্যবস্থাপনার ওপর নজরদারি করা হচ্ছে। এর মাধ্যমে যানজটের কারণ চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রাফিক পুলিশ জানায়, সড়কে যানজট কমাতে পুলিশের পাশাপাশি চালক, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ব্যস্ত সড়কের পাশে যেখানে-সেখানে গাড়ি রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে নির্ধারিত স্থানে পার্কিং করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিয়মিত ট্রাফিক পুলিশের উপস্থিতি এবং পার্কিং ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো হলে নওগাঁ শহরের যানজট অনেকটাই কমে আসতে পারে। জনদুর্ভোগ লাঘবে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top