টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি চুরির ব্যাগসহ এক চোরকে আটক করেছেন স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা। পরে টঙ্গী বাজার এলাকার একটি মিষ্টির দোকানে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ঘি, তালের রস ও বিভিন্ন কোম্পানির মার্কেটিং পেপারসহ রেজার ব্লেড উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একটি ব্যাগ নিয়ে টঙ্গী বাজার এলাকার এক মিষ্টির দোকানদারের কাছে এসে দাবি করেন যে তিনি এগুলো দিনাজপুর থেকে নিয়ে এসেছেন এবং বিক্রির উদ্দেশ্যে এখানে এসেছেন। তবে দোকানদার ও স্থানীয় লোকজনের মনে সন্দেহ জাগে। কারণ হিসেবে তারা জানান, দূরদূরান্ত বা দিনাজপুর থেকে এত দীর্ঘ পথ বরফসহ তালের রস নিয়ে আসার কথা নয় এবং বরফও গলে যাওয়ার কথা। এছাড়া তার ব্যাগে একটি ঘি কোম্পানির অনেকগুলো মার্কেটিং পেপার ও প্রচুর রেজার ব্লেড পাওয়া যায়।
সন্দেহজনক কথাবার্তা ও অসঙ্গতিপূর্ণ উত্তরের কারণে উপস্থিত জনতা তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর প্রক্রিয়া চলছে। চুরি যাওয়া এই মালামালের প্রকৃত মালিককে শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও স্থানীয়রা।




