গাজীপুরের শ্রীপুর উপজেলার রেলগেইট এলাকায় নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারী লিমিটেডের একটি গাড়ির চাপায় সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিদ্দিকুর রহমান ঘটনার সময় রেলগেইট সড়ক এলাকা অতিক্রম করছিলেন। এ সময় নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারী লিমিটেডের একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে চাপা দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরই এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।




