অসীম সাহস, সাহসিকতা ও সেবায় অনন্য অবদান, চাঞ্চল্যকর মামলার নিখুঁত তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম-সেবা)-এ ভূষিত হয়েছেন পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত জমকালো পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিজ হাতে এ পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর আগে, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সাহসিকতা ও বিশেষ সেবামূলক কর্মকাণ্ডের জন্য ৪টি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে এ পদকের জন্য চূড়ান্ত মনোনীত করা হয়।
বাউফলের অহংকার মেহেদী হাসান:
পদকপ্রাপ্ত এসআই এস এম মেহেদী হাসান পটুয়াখালী জেলার বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সাবেক কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেনের যোগ্য সন্তান।
তিনি বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় নিষ্ঠা ও সুনামের সাথে উপপরিদর্শক (এসআই) পদে দায়িত্ব পালন করছেন।
স্বজন ও এলাকায় আনন্দের আমেজ:
রাষ্ট্রীয় এই বিশেষ সম্মানে ভূষিত হওয়ায় এসআই মেহেদী হাসানের জন্মস্থান বাউফলে বইছে আনন্দের জোয়ার।
তাঁর পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বাউফলবাসী মনে করছেন, মেহেদী হাসানের এই স্বীকৃতি পুরো উপজেলার জন্যই এক বিরাট সম্মান ও গর্বের বিষয়।
সামাজিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভকামনা ও অভিনন্দন জানানো হয়েছে।
সকলের প্রত্যাশা— ভবিষ্যতে তিনি তাঁর সততা, দক্ষতা ও সাহসিকতার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন এবং মেধা দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।




