পড়াশোনার প্রতি অদম্য জেদ আর সাফল্যের ঝান্ডা উড়িয়ে দেওয়া রাজাপুরের কৃতি শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শিক্ষার আলো ছড়ানো এই উদীয়মান তারকারা প্রমাণ করেছে—দূরত্ব কিংবা প্রতিকূলতা কোনোটিই মেধার জয়রথ থামাতে পারে না।
অনুষ্ঠানে এসএসসিতে গোল্ডেন ও জিপিএ-৫ অর্জনকারী এবং বিভিন্ন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও আকর্ষণীয় স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের এই সাফল্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসাহ জোগায় এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব রফিকুল ইসলাম জামাল। তাঁর হাত থেকে ক্রেস্ট ও উপহারের ব্যাগ গ্রহণ করার সময় শিক্ষার্থীদের চোখ-মুখে ছিল আনন্দের ঝিলিক আর আগামী জয়ের আত্মবিশ্বাস।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই ধরনের সংবর্ধনা শুধু শিক্ষার্থীদের পুরস্কৃত করাই নয়, বরং আগামী দিনের প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে এবং সেই অনুযায়ী পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক উৎসবমুখর ও উদ্দীপনামূলক পরিবেশ।




