দিনাজপুরের ফুলবাড়ীতে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. শহীদুল ইসলাম যোগদানের পর থেকে মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। টানা দুই মাসের অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, আগস্ট মাসে ১০টি নিয়মিত মাদক মামলায় ১৬ জন কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, বাকি ২ জন পলাতক রয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া হেরোইন ও ১৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। একই মাসে পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।
সেপ্টেম্বর মাসেও অভিযান অব্যাহত থাকে। ওই মাসে ১২টি মামলায় ১৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩২৮ পিস ইয়াবা, ৪০ পিস ট্যাপেন্টাডল, ১১২ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া ২৭ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম বলেন, “ফুলবাড়ীতে মাদকের কোনো ঠাঁই নেই। যারা দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে ছিল, তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।”
ধারাবাহিক এই অভিযানের ফলে উপজেলায় মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।




