ফরিদপুরে ৩হাজার ৯২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের নগরকান্দায় ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ মো. জাফর সেখ (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল ‌মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার তালমার মোড় বাজার এলাকায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক জাফর সেখের একটি কালো রঙের ট্রলি ব্যাগের ভেতরে বিশেষভাবে তৈরি চেম্বারে কালো স্কচটেপে মোড়ানো পলিপ্যাকেটে ইয়াবাগুলো রাখা ছিল। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৩ হাজার ৯২০ পিস, যার ওজন ৩৯২ গ্রাম। এ সময় তাঁর পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়।
আটক মো. জাফর সেখ পাবনা জেলার বেড়া থানার রাজনারায়ণপুর এলাকার মো. জাহিদ সেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার মঙ্গলবার রাতে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ জাফর সেখকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top