পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবির জনসচেতনতা

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে স্থানীয় জনগণের সঙ্গে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর উদ্যোগে চিনাউড়া ও আশাউড়া দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানার উদ্যোগে আয়োজিত সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, মানব পাচার বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সীমান্ত এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড, অবৈধ পণ্য পরিবহন কিংবা অপরাধমূলক কার্যক্রম নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবির বর্ডার আউটপোস্টে (বিওপি) তথ্য দেওয়ার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় সীমান্ত সুরক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, আন্তঃসীমান্ত অপরাধ ও পুশইন প্রতিরোধ এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top