কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেন দোহাজারীতে বিরতির দাবি দক্ষিণ চট্টগ্রামবাসীর

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ ব্রিটিশ আমলে তৈরি  অত্যন্ত ঐতিহ্যবাহী ও ভৌগোলিক গুরুত্ব সম্পন্ন দোহাজারী স্টেশনে কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেনের বিরতির  জোর দাবি জানিয়েছেন দোহাজারীসহ দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। ব্রিটিশ আমলে ১৯৩১ সালে চালু হওয়া চট্টগ্রাম-দোহাজারী ৪৭কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি দীর্ঘ নয় দশক ধরে দোহাজারীতে এসেই শেষ হতো, যা দীর্ঘকাল ধরে দক্ষিণ চট্টগ্রামের শেষ স্টেশন বা ঐতিহ্যবাহী ‘আখেরী স্টেশন’ (টার্মিনাল) হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে যাত্রী ও পণ্য পরিবহন সেবা দিয়ে এসেছে। পরবর্তীতে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন ১০১ কিলোমিটার রেললাইন চালু হওয়ার পর ঐতিহাসিক এই
আখেরী স্টেশনটি এখন চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ‘মিডল পয়েন্টে’ পরিণত হলেও এখান দিয়ে চলাচলকারী দ্রুতগতির আন্তঃনগর ট্রেনগুলোর কোনো বিরতি রাখা হয়নি। এতে চরম ক্ষোভ ও হতাশা  প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও আশপাশের বিপুল পরিমাণ জনগোষ্ঠী। ভৌগোলিক দিক থেকে দোহাজারী স্টেশনটি চন্দনাইশ, সাতকানিয়ার উত্তরাঞ্চল, পটিয়ার দক্ষিণাঞ্চল, সাঙ্গু নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা এবং পার্বত্য জেলা বান্দরবানের প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে দোহাজারীতে আন্তঃনগর ট্রেনের বিরতি দেওয়া হলে প্রতিদিন হাজার হাজার চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, পর্যটন ভ্রমন প্রত্যাশী ও চিকিৎসাপ্রার্থী কম সময়ে ও স্বল্প খরচে ঢাকা, চট্টগ্রাম কিংবা কক্সবাজার যাতায়াত করার সুযোগ পাবেন বলে মনে করেন । পাশাপাশি দোহাজারীর মতো বৃহৎ কৃষিপণ্য বাজার কেন্দ্র থেকে শাকসবজি ও স্থানীয় উৎপাদিত পণ্য পরিবহন আরও সহজ ও সাশ্রয়ী হবে। বহু বছরের ঐতিহাসিক অবদান, জনস্বার্থ এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা বিবেচনা করে দোহাজারী রেল  স্টেশনে অবিলম্বে আন্তঃনগর ট্রেনের বিরতি পুনর্নির্ধারণের জন্য রেলওয়ে মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের নিকট বিনীত ও জোর দাবি জানিয়েছেন দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষ,  বিভিন্ন সামাজিক সংগঠন,  রাজনৈতিক দলের প্রতিনিধি, ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top