নেত্রকোণার বারহাট্টা উপজেলায় অবৈধভাবে পাচার করার সময় ১০০ বস্তা ইউরিয়া সারসহ
এক ট্রলিচালককে আটক করেছে পুলিশ। উপজেলার আসমা ইউনিয়নের বউশি এলাকা থেকে সার ও ট্রলিসহ তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানার পুলিশ জানতে পারে যে, একটি ট্রলিতে করে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সরকারি ভর্তুকির সার পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে থানার পুলিশ বউশি এলাকায় চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রলি তল্লাশি করে মোট ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয় এবং ট্রলিচালককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানান, এই সারগুলো পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা থেকে সংগ্রহ করে অন্যত্রে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, “ধর্মপাশা থেকে অবৈধভাবে নিয়ে আসা ১০০ বস্তা সারসহ ট্রলিচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য চক্রের সদস্যদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।”
কৃষকদের নায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং অবৈধ সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।




