যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) ভোরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।
তিনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সিরাপ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।
জব্দকৃত সিরাপের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় যে কোনো ধরনের মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




