নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাজারে বাজারে অভিনব মাদকবিরোধী প্রচারণা শুরু করেছে ‘ভয়েস অব কিশোরগঞ্জ’ নামে একটি মাদকবিরোধী সংগঠন। “যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না”—এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার রাতে উপজেলার বড়ভিটা বাজারে এ প্রচারণা চালানো হয়।
হ্যান্ড সাউন্ড বক্সে মাদকবিরোধী স্লোগান প্রচার, লিফলেট ও ফেস্টুন বিতরণের মাধ্যমে বাজারের দোকানে দোকানে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সদস্যরা। এ সময় ফেস্টুন, প্ল্যাকার্ড ও বিভিন্ন স্লোগান নিয়ে পুরো বাজার প্রদক্ষিণ করা হয়।
প্রচারণাকালে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা মাদকবিরোধী কার্যক্রমে সমর্থন জানান। ব্যবসায়ীরা বাজারে বাজারে, পাড়ায় পাড়ায়, মহল্লায় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রচারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
‘ভয়েস অব কিশোরগঞ্জ’ মাদকবিরোধী কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ ও সদস্য সচিব সাংবাদিক আবু হাসান শেখের নেতৃত্বে এ প্রচারণা পরিচালিত হয়।
এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান ও খোকনুজ্জামান, সদস্য আশরাফুল ইসলাম রাজু, মিডিয়া সেলের সাহেব আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া বড়ভিটা ইউনিয়নের বিভিন্ন যুবক ও স্থানীয় বাসিন্দারা প্রচারণায় অংশ নেন।
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।




