আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া ও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘Be a Hand Washing Hero’—‘হাত ধোয়ার নায়ক হোন’। অন্যদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবস দুটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান উপস্থিত ছিলেন। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. আলামীন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার হোসেন। এ সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং এর মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানোর বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
অন্যদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়কে চলাচলের নিয়ম মেনে চলা, ট্রাফিক আইন অনুসরণ, চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, সুস্থ থাকতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই পরিচ্ছন্ন পরিবেশ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top