যশোরের মণিহার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা রোড সংলগ্ন হোটেল নাইসের পেছনের যশোর পিকআপ স্ট্যান্ডটির প্রবেশপথ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। মিনি ট্রাক ও বিভিন্ন ভারী যানবাহন চলাচলের এই প্রধান রাস্তার প্রবেশমুখেই সৃষ্টি হয়েছে বিশাল এক ভাঙন। সড়কের পাশের ড্রেন ধসে ধসে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, যাতায়াতের পথটি দিনে দিনে অত্যন্ত সরু হয়ে গেছে।
ফলে প্রতিনিয়ত জীবন ও মালের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে পিকআপ ও মিনি ট্রাক চলাচল করছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই ভাঙা অংশের ঠিক পাশেই রয়েছে বেশ কিছু দোকানপাট, যেখানে সবসময় মানুষের ভিড় লেগেই থাকে। যাতায়াতের সময় যেকোনো মুহূর্তে গাড়ির চাকা এই গর্তে পড়ে উল্টে যেতে পারে কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে আঘাত হেনে ঘটতে পারে ভয়াবহ প্রাণহানি।
পিকআপ স্ট্যান্ডের শীর্ষ নেতৃবৃন্দ—সভাপতি ও আহ্বায়ক রুহুল আমিন ডাবলু, সেক্রেটারি ও সদস্য সচিব মো. মাহমুদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক রাজিব জানান যে, এই বিপজ্জনক অংশটি সংস্কারের জন্য তারা বহুবার যশোর পৌরসভায় লিখিত আবেদন করেছেন। কর্তৃপক্ষ কেবল ছবি তুলে নিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
শ্রমিকদের আক্ষেপ, আমাদের দেশে সাধারণত বড় কোনো দুর্ঘটনা ঘটার পরই কেবল প্রশাসনের টনক নড়ে। অথচ দুর্ঘটনা ঘটার আগেই যদি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, তবে অনেক অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব। তাই বড় ধরনের কোনো বিপর্যয় ঘটার আগেই অতি দ্রুত এই ভাঙা রাস্তাটি সংস্কারের জন্য তারা যশোর জেলা প্রশাসকের জরুরি ও সুদৃষ্টি কামনা করছেন।




