জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তারের পর ছাত্রদলের সাংগঠনিক পদ হারিয়েছেন আমানুল্লাহ আমান উদয়। তিনি উপজেলার ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে ছাত্রদলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক বায়োজিদ আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে আমানুল্লাহ আমান উদয়কে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় ওই ছাত্রদল নেতাকে সংগঠনের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালায় জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। অভিযানে ২১৭ বোতল বিদেশি মদসহ আমানুল্লাহ আমান উদয় ও আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
পরে রোববার দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিদেশি মদ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারের পর আমানুল্লাহ আমান উদয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় উপজেলা ছাত্রদল। এর মধ্য দিয়ে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের সব পদ হারালেন তিনি।




