রাঙ্গামাটির লংগদুতে লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক সার্বিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থানীয় উন্নয়ন নিশ্চিতকল্পে এলাকার সুশীলব্যক্তি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর, ২০২৬ ইং রবিবার দুপুরে লংগদু জোন অর্ডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিদায়ী জোন কমান্ডার, লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি উপস্থিত সমাজের সুশীলব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বিদায়ী জোন কমান্ডার তাঁর বক্তব্যে, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সমন্বিত ও সার্বিক সহযোগিতার প্রশংসা করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভায় বিদায়ী জোন কমান্ডার লংগদু জোনের নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ মাহরুস পিএসসি-কে উপস্থিত সকলের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
এসময়ে বিদায়ী জোন কমান্ডার এ অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ধারা অক্ষুণ্ণ রাখা, সন্ত্রাসীদের অপতৎপরতা ও বিচরণ রোধ করা এবং এলাকার শান্তি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, নবাগত জোন কমান্ডারের নেতৃত্বে আগামী দিনেও লংগদু জোনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ধারা অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় অত্র জোনের সার্বিক পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এতে লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। একই সাথে যেকোনো প্রয়োজনে লংগদু জোনের সাথে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
এসময়ে মতবিনিময় সভায় লংগদু জোনের নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ মাহরুস, পিএসসি অধিনায়ক ৩৪ বীর, জেডএসও লংগদু জোন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জাহাঙ্গীর হোসাইন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অফিসার ইনচার্জ (ওসি) লংগদু থানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




