সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে গাজীপুরের গাজীপুরা ২৭ নম্বর এলাকার পূজামণ্ডপগুলোতে নেমেছে উৎসবমুখর মানুষের ঢল। বিজয়া দশমীর আবহ ঘিরে আজ দিনভর পূজা মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে গাজীপুরা ২৭ এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন নারী ও ভক্তবৃন্দ। লাল-সাদা শাড়িতে সেজে নারীদের সিঁদুর উৎসব এবং মণ্ডপ প্রাঙ্গণে ঢাকের বোলে এক আনন্দ-বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। বছর ঘুরে আবার দেবী দুর্গার আগমনের শুভকামনা জানিয়ে ভক্তরা একে অপরকে মিষ্টি মুখ করান ও বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।
উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে মণ্ডপের আশেপাশের তোরণ সাজসজ্জা ও সাময়িক মেলা। মণ্ডপের প্রবেশপথে নির্মিত আকর্ষণীয় আলোকসজ্জিত তোরণ পেরিয়ে হাজারো মানুষ মণ্ডপে প্রবেশ করছেন। বাইরে বসেছে শিশুদের খেলনা, জিলাপি, চটপটি, ফুচকা ও নানা রকম মিষ্টান্নের হরেক রকমের দোকান। স্থানীয় ছোট-বড় সবাই মিলে কেনাকাটা ও মেলা উপভোগে মেতে উঠেছেন।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃঢ় নিরাপত্তা ও স্থানীয়দের সহযোগিতায় গাজীপুরা ২৭-এর প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ এই আনন্দময় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে




