সেনবাগে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগে নিখোঁজের একদিন পর মো. মারুফ (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মারুফ ওই এলাকার মো. রিপনের মেজো ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মোবাইল ফোন ভেঙে কাপড়চোপড় ও একটি ট্রাভেল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হন মারুফ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার রাতে বাড়ির পাশের ধানখেতে গলায় গামছা পেঁচানো অবস্থায় মারুফের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে তার ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতা উদ্ধার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top