নওগাঁর মহাদেবপুরে বিয়ের মাত্র তিন মাসের মাথায় বাবার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাসলিমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সামির হোসেনকে (২০) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে উপজেলার চেরাগপুর পূর্বপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার চেরাগপুর পূর্বপাড়া গ্রামের নূর নবীর মেয়ে এবং বগুড়ার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত তিন মাস পূর্বে বগুড়া জেলার বাসিন্দা সামির হোসেনের সঙ্গে পারিবারিক আয়োজনে তাসলিমার বিয়ে হয়। রবিবার দুপুর ১টার দিকে স্বামী সামিরকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তাসলিমা। দুপুর আড়াইটার দিকে তাসলিমার ৮ বছর বয়সী ছোট ভাইকে পুকুরপাড়ে বসিয়ে রেখে নবদম্পতি গোসল করতে পানিতে নামেন। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পানিতে তলিয়ে যান।
পুকুরপাড়ে থাকা ছোট ভাইয়ের আত্মচিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে দুজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাসলিমা আক্তারের মৃত্যু হয়। অন্যদিকে স্বামী সামির হোসেনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, পানিতে ডুবে এক নববধূর মৃত্যু ও স্বামী অসুস্থ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিয়ের মাত্র তিন মাসের মাথায় এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




