নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম শুকনো গাঁজাসহ পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ তাকে পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে জনসাধারণের দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার ৩ নম্বর ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর (হাড়ভাঙ্গা) গ্রামের পারুল বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক বিক্রির সময় পারুল বেগমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির আঙিনায় গরুর খাবারের জন্য রাখা ঘাসের নিচে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বিক্রয়মূল্য ৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পারুল বেগমের বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক-সংক্রান্ত মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধে পোরশা থানা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।




