চট্টগ্রামের সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলায় চন্দনাইশের দোহাজারী পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হবে জানিয়েছেন চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। সম্প্রতি দোহাজারী নাগরিক কমিটি’র আয়োজনে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিএনপি সরকার উন্নয়নমুখী সরকার উল্লেখ করে তিনি বলেন, আগামী ৩০ দিনের ভেতর দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯০টি সড়কের কাজ সম্পন্ন করা হবে।
নাগরিক কমিটি’র সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা বলেন, ১৯৮৫ সাল থেকে দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী এলাকার মানুষ চন্দনাইশের দোহাজারী ও ধোপাছড়ি এবং সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে একটি নতুন প্রশাসনিক থানা ও উপজেলার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে সরকার “দোহাজারী সাঙ্গু” থানা নামে একটি প্রশাসনিক থানা অনুমোদন দেয়। কিন্ত পরক্ষণে ৬ ইউনিয়ন কতিপয় ব্যক্তিরা আপত্তি জানালে অদ্যাবধি প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত এ অঞ্চলের মানুষ। সম্প্রতি ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে। সরকারি নথি ও দাপ্তরিক চিঠিপত্র পর্যালোচনায় জানা যায়, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ ডিও’র পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসককে একটি সরকারি চিঠি প্রেরণ করা হয়। এতে সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন একটি পৃথক উপজেলা গঠনের স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে ২০০৪ সালের অনুশাসন অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সুপারিশসহ পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে ওই চিঠিতে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে অন্তর্ভুক্ত না করায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাই নতুন উপজেলায় সাতকানিয়ার ৬ ইউনিয়নের সাথে দোহাজারী পৌরসভাকে অন্তর্ভুক্ত করার দাবী জানান বক্তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান, চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম সিকদার, নাগরিক কমিটি’র সিনিয়র সহ-সভাপতি জায়নুল আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, যুগ্ম সম্পাদক ইফতেয়ার উদ্দিন সুমন, , সাংগঠনিক সম্পাদক কাজী আবু তৈয়ব, ডাঃ নোমান রেজভী, জাবের বিন আরজু, এম এ হামিদ সহ আরো অনেকেই।




