১৭ বছরে শিক্ষার অবনতি, চাকরির পরীক্ষায় ‘ব্রাহ্মণবাড়িয়া’ বানানও লিখতে পারেনি অনেকে: মুশফিকুর রহমান

বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান।

তিনি বলেন, “আমরা জানি দেশের অবস্থা কী, কী অবস্থা রেখে গেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে। আমাদের ছেলে-মেয়েরা ভালো করে পড়াশোনা করত না, তবে রেজাল্ট হয়ে যেত ৯০ শতাংশ, ৯৫ শতাংশ। আর যখন চাকরির জন্য আসত, এমএ পাস, বিএ পাস করা লোক ঠিকমতো লিখতে পারত না। এমনও দৃষ্টান্ত আছে, অনেকে ‘ব্রাহ্মণবাড়িয়া’ বানান লিখতে পারত না। এরকম শিক্ষার পরিবেশ আর থাকবে না।”

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুশফিকুর রহমান বলেন, “আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপির নীতি হচ্ছে বাংলাদেশের মানুষকে সম্পদ হিসেবে দেখা। মানবসম্পদের উন্নয়ন এবং স্বাস্থ্য—এই দুইটা আমাদের অগ্রাধিকার। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও কর্মসূচি অনুযায়ী যারা আমাদের সহযোগিতা করতে চান, আমরা তাদের স্বাগত জানাই।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “মাদক, বিড়ি, সিগারেটসহ সকল আজেবাজে জিনিস থেকে দূরে থাকতে হবে। সন্ধ্যার পর পড়াশোনায় মনোযোগী হতে হবে। সারারাত জেগে পড়াশোনা করার চেয়ে প্রতিদিন দুই ঘণ্টা করে পড়তে হবে। তাহলে ভালো রেজাল্ট করতে পারবে।”

তিনি আরও বলেন, “শিক্ষক এবং মা-বাবাকে সম্মান করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে লাভ কী, যদি মা-বাবাকে সম্মান না করে?”

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে মুশফিকুর রহমান বলেন, “বর্তমানে কষ্ট করে পড়ছো, রেজাল্ট ভালো করেছো। এই রেজাল্ট আরও ভালো করতে হবে। ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, শিক্ষক হয়ে কসবা-আখাউড়ার সুনাম বৃদ্ধি পায়—আমরা এটাই চাই।”

রহমান ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, “রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দুইটা স্কুলকে আমরা সায়েন্স ল্যাবের জন্য সাহায্য করেছি। রেজাল্টের ভিত্তিতে আরও দুইটা সায়েন্স ল্যাব করা হবে। আমরা সরকারকে সহযোগিতা করছি।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আগে পড়াশোনা হয় নাই, এখন পড়াশোনা করান। এ জন্য ভালো রেজাল্ট করছে। আরও ভালো রেজাল্ট করতে হবে। প্রাইভেট টিউশনি বন্ধ করতে হবে। স্কুল থেকেই সম্পূর্ণ শিক্ষা দিতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে।”

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কৃষক দলের সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল, আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাহার, সহ-সভাপতি আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top