‘স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ’ ঘোষণা দিয়ে মাইকিংয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবেরের

‘স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন’ এমন ঘোষণা দিয়ে আগামীকাল দেশের প্রতিটি এলাকায় মাইকিং করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার সমালোচনা করে তিনি এ বক্তব্য দেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মিছিল ও সমাবেশে বক্তব্য দেন আব্দুল্লাহ আল জাবের।

সমাবেশে তিনি বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব রয়েছেন। দায়িত্ব পালনে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জাবের বলেন, আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে প্রতিটি এলাকায় মাইকিং করা হতে পারে।

কর্মসূচিতে ওসমান হাদী হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়।

গণভোটের প্রসঙ্গ তুলে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এখন আবার গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে। জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় পছন্দ হোক বা না হোক, তা বাস্তবায়ন করতে হবে।

এদিকে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাজীগঞ্জ বাজার থেকে মিছিল বের করেন। মিছিলটি দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট ও ওয়ারলেস বাজার প্রদক্ষিণ করে। পরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও শহীদ মিনার চত্বরেও মিছিল করেন তাঁরা।

মিছিল চলাকালে ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদী’, ‘তুমি কে, আমি কে – হাদী, হাদী’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

কর্মসূচি থেকে বক্তারা আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top