ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকভর্তি সার পাচারের সময় এ কে এম ইলিয়াস হাওলাদার (৫৫) নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাতে মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে সাড়ে ১২ মেট্রিক টন বা ২৫০ বস্তা সারভর্তি একটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা ডিএপি সারভর্তি ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
আটক সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের ছোমেদ হাওলাদারের ছেলে। তিনি চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি।
তিনি মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।
জানা গেছে, সম্প্রতি নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হলেও ইলিয়াস হাওলাদার আওয়ামী লীগের আমলে নিয়োগ পেয়েছিলেন। বুধবার রাতে তিনি তার দোকান থেকে ২৫০ বস্তা সার ট্রাকে বোঝাই করে পাশের শিবচর উপজেলায় পাচারের চেষ্টা করছিলেন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে ৯৯৯ নম্বরে কল দেন।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সারবোঝাই ট্রাক, সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার এবং ট্রাকের হেলপারকে আটক করে ভাঙ্গা থানায় নিয়ে যান।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই একটি ট্রাক ও সার ডিলারকে আটক করা হয়। এ ঘটনায় সার ডিলারের বিরুদ্ধে মামলা, তার ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, জব্দ করা সারভর্তি ট্রাক থানা হেফাজতে রয়েছে। সার ডিলার ইলিয়াস হাওলাদারকে আটক করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সার পাচার হচ্ছে—এমন সংবাদ পেয়ে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।




