চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর নাটোরের সিংড়া উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হিসেবে মো. জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইব্রাহিম আলী দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নাটোর জেলা কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির অনুমোদিত নবগঠিত কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সংগঠনটির নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা।
জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা জানান, ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ সময় তিনি কমিটির সব সদস্যের সফলতা কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি মো. হারুনুর রশিদ বলেন, “আমি সবার সহযোগিতা নিয়ে সিংড়ায় নিরাপদ সড়ক গড়ে তুলতে কাজ করতে চাই। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়কের দাবিতে আমাদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”




