মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারের ‘মামা ভাগিনা হোটেল অ্যান্ড সুইটস’-এ সরিষার তেলের নামে রং, হাইড্রোজসহ ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে জিলাপি ভাজার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কেমিক্যালযুক্ত এসব জিলাপি ছোট-বড় সবাই খাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানটির প্রোপ্রাইটর সঞ্জয় দত্ত দীর্ঘদিন ধরে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। কেমিক্যালযুক্ত খাবার খাওয়ার ফলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিষয়টির সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মো: বাদশা মিয়াকে সঞ্জয় দত্ত ও তার লোকজন মব সৃষ্টি করে হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজনকে উস্কানি দেন বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মো: বাদশা মিয়া বলেন, “আমি শুধু সত্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম। তারা আমার ওপর হামলার চেষ্টা করে এবং আমার জান-মালের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয়।”
এ বিষয়ে অভিযুক্ত সঞ্জয় দত্তের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এদিকে খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগ এবং তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হেনস্তার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।




