রাশেদ খাঁন ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা।

রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

তারেক রেজা লেখেন, রাশেদ খাঁন এক সময় ঢাবির (ঢাকা বিশ্ববিদ্যালয়) সূর্যসেন হল ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন। ডাকসু নির্বাচনে জিএস পদে দাঁড়ানোর পর শিবির তাকে আরেকজনের জন্য সরে দাঁড়াতে বললে তিনি সংগঠন (শিবির) ছেড়ে দেন। এরপর তিনি হয়ে ওঠেন মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ (সাবেক শিবিরদের এই সিন্ড্রম নতুন কিছু না)।

তিনি লেখেন, একটি ঘটনা বললে বিষয়টি আরও পরিষ্কার হবে। যেদিন ভোরে আবরার ফাহাদ হত্যার খবর জানাজানি হয়, সেদিন ঢাবি ছাত্র অধিকারের নেতারা রাশেদ খাঁন ও নুরুল হক নুরকে ফোন করে কর্মসূচি দেওয়ার কথা জানান।

এনসিপি নেতা আরও লেখেন, নুর ভাই কিছুটা সন্দিহান ছিলেন, তবে খোঁজখবর নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেন। অন্যদিকে রাশেদ খান আপত্তি জানান। তার আশঙ্কা ছিল, আবরার ফাহাদ শিবির হতে পারেন, আর সেক্ষেত্রে তার জন্য কর্মসূচি দিলে ক্ষতি হবে (শিবির পরিচয় লুকানোর চেষ্টা)।
তারেক রেজা লিখেছেন, তার (রাশেদ) পরামর্শ না মেনে কর্মসূচি ঘোষণা করা হলে তিনি এক নেতাকে ফোন করে বলেন, ‘কথা না শুনলে তোমাদের ছাত্র অধিকার পরিষদ করার প্রয়োজন নেই, কাল থেকে আমাদের সঙ্গে আসবা না।’ অথচ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সেই রাশেদ খাঁনই শেষ পর্যন্ত এসে উপস্থিত হন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top