বাঘা উপজেলার ঐতিহাসিক শাহী দিঘিতে গোসল করতে নেমে অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বাঘা মাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বাঘা মাজার শরিফের খাদেমের ছোট ভাই মাসুদ রানা জানান, সোমবার সন্ধ্যার আগে ওই নারী শাহী দিঘিতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। এ সময় তাঁর হাতে থাকা একটি লাঠি গোসলের স্থানে পানির মধ্যে পুঁতে রাখা ছিল।
পরে প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হলে লায়েব উদ্দিন নামে এক যুবক দিঘিতে নেমে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর তাঁকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাঁদের ধারণা, ওই নারীর বাড়ি কুষ্টিয়া অথবা যশোর এলাকায় হতে পারে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




