মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত হত্যা: প্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্ত কুখ্যাত ডাকাত রনি গ্রেফতার

নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ও আন্তঃজেলা কুখ্যাত ডাকাত রনি ওরফে রনি প্রামাণিককে (৩৮) গ্রেফতার করেছে জেলা পুলিশ।

​গত ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৭:৫০ ঘটিকায় মহাদেবপুর থানা এলাকায় দোকান বন্ধ করে মূল্যবান স্বর্ণালংকার নিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাত দুষ্কৃতকারীরা অলিপ দত্তকে কোপায় এবং স্বর্ণ ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তাঁর মৃত্যু হয়। ঘটনার পর মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

​ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তদারকিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মহাদেবপুর থানা পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সমন্বয়ে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। এই টিমের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত। পরবর্তীতে মামলাটির তদন্ত কার্যক্রমে পিবিআই ও সিআইডি যোগ দেয়।

​নওগাঁ শহরের ডিজিটাল সারভেইল্যান্স ক্যামেরার ফুটেজ, তথ্যপ্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ডাটা বিশ্লেষণ করে গত ২ অক্টোবর ২০২৬ রাতে আত্রাই থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন আসামি রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি নাটোর জেলার উত্তর আলাইপুর গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে।

​গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫টি মোবাইল ফোন এবং ৫টি ক্যাপ জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অপরাধমূলক কর্মকাণ্ডে নিজের পরিচয় গোপন রাখতে আসামি রনি বিভিন্ন সময়ে ৩৩ থেকে ৩৪টি সিম কার্ড ব্যবহার করত। আসামি রনির বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় সোনা চুরি, ডাকাতি ও দস্যুতার ৫টি মামলা রয়েছে।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top