সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পরিদর্শনকালে একটি প্রকল্পে নিম্নমানের ইট ও বালি ব্যবহারের অভিযোগে অসন্তোষ প্রকাশ করে এসব নির্মাণসামগ্রী পরিবর্তন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন কাইতকান্দা সেতু, মধ্যনগর থেকে টুকের বাজার পর্যন্ত সাবমার্সিবল সড়ক এবং উড়াল সড়ক প্রকল্পের ৭ নম্বর প্যাকেজের কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য। এ প্যাকেজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকা।
পরিদর্শনকালে উড়াল সড়ক প্রকল্পের নির্মাণকাজে নিম্নমানের ইট ও বালি দেখতে পান সংসদ সদস্য। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে সঙ্গে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিনকে নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নির্ধারিত মানের ইট, বালি ও পাথর ব্যবহারের নির্দেশ দেন।
এ সময় এমপি কামরুজ্জামান কামরুল বলেন, “আমার নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা ফাঁকিবাজি বরদাশত করা হবে না। আজ কয়েকটি উন্নয়নকাজের সাইট পরিদর্শন করেছি। যেখানে নিম্নমানের নির্মাণসামগ্রী পেয়েছি, সেগুলো পরিবর্তন করে মানসম্মত সামগ্রী দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, উন্নয়নকাজে কোথাও অনিয়ম বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে বিষয়টি তাঁকে সরাসরি জানাতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য। পরে তিনি মধ্যনগরে রাতযাপন করেন।
উন্নয়নকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও মো. আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা




