পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১,০০০ (এক হাজার) পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ মোঃ রাজিব বিশ্বাস (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮:৫০ ঘটিকায় পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবির এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—দক্ষিণ রাঘবপুর হযরত আলী জামে মসজিদের পূর্ব পাশে ৩ তলা ভবনের সামনে এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে মাদকসহ অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে রাজিব বিশ্বাসকে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরের খাটের ড্রয়ার তল্লাশি করে লাল শপিং ব্যাগে সংরক্ষিত ‘ETADOL 100’ ব্র্যান্ডের ১০০টি পাতায় মোট ১,০০০ পিস (ওজন ৪২০ গ্রাম) ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়: নাম: মোঃ রাজিব বিশ্বাস (৪০) পিতা: মৃত মানিক বিশ্বাস, মাতা: মোছাঃ মিনু,স্থায়ী ঠিকানা: রামচন্দ্রপুর হাবুলের মাঠ (দোগাছি ইউপি), পাবনা সদর।
বর্তমান ঠিকানা: দক্ষিণ রাঘবপুর (হযরত আলী জামে মসজিদের পিছনে), পাবনা সদর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে পাবনার বিভিন্ন এলাকা থেকে এসব ট্যাবলেট সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত রাজিব বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় পাবনা সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




