পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খানম, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আবু সুফিয়ান মুক্তার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, সম্ভাবনাময় যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া গেলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে কয়েকজন যুবক ও যুব উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল ও উদ্যোক্তামুখী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top