বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় রোববার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়া শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন ডেপুটি চিফ তৃষিতা মওলা।
মহড়ায় মূলত বিষয়ভিত্তিক মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, উড্ডয়ন নিরাপত্তা, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, আকাশপথে পণ্য পরিবহন ও ব্যবস্থাপনা, বিমানঘাঁটির প্রতিরক্ষা, বাহিনীর নিরাপত্তা এবং দুর্ঘটনাকবলিত উড়োজাহাজে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।
পাঁচ দিনের এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশ নিচ্ছেন।
এ মহড়ার মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি, পেশাগত জ্ঞান ও সর্বোত্তম অনুশীলন বিনিময়ের পাশাপাশি সি-১৩০ বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির বিষয়েও অভিজ্ঞতা বিনিময় করবেন অংশগ্রহণকারীরা।




